• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

কাশিয়ানীতে বসতবাড়ির জমি দখল, ঘরের দরজায় বেড়া নির্মানও মারধরের অভিযোগ

প্রতিবেদক / ৩ বার
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিঘরগাতী গ্রামে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে হামলা-মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩’জুন ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১০ টার দিকে একই গ্রামের কাশেম শেখ (৬০), তার ছেলে রুবেল শেখ (৩৫) ও পুত্রবধূ লোনিয়া বেগম (২৫) সহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী মোসাঃ রিনা বেগমের (৫৪) বসতবাড়ির জমিতে বাঁশের বেড়া দিতে আসে। এ সময় রিনা বেগমের মেয়ে মনিরা খানম (২৫) বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট শুরু করে।

রিনা বেগমের অভিযোগ, মনিরার ডাকচিৎকারে তার অন্য মেয়ে সুমি খানম (২১), মুন্নি খানম (১৮) ও ছেলে আলামিন (১৬) এগিয়ে আসলে বিবাদীরা লাঠি দিয়ে তাদেরও বেধড়ক মারপিট করে। এতে চারজনই মাথা, মুখ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগে আরও বলা হয়, ১ ও ২ নং বিবাদী মনিরা খানম ও সুমি খানমের জামা-কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।

হামলাকারীরা রিনা বেগমের টিনসেট ঘর ভাংচুর করে ঘরে রাখা ধান বিক্রির নগদ ৫০,০০০ টাকা, মনিরা খানমের গলার ৪ আনা ওজনের স্বর্ণের চেইন এবং একজোড়া ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘরের দরোজার সামনের বেড়া খুলে দেওয়া হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা