বাংলাদেশ সময় বুধবার ভোরে বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে একটি নতুনত্ব, যা কাড়তে পারে দর্শকদের নজর।
ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনার ফুটবলাররারা আগের মতোই স্বর্ণালি ‘চ্যাম্পিয়নস ব্যাজ’ বুকে ধারণ করবেন। এর পাশাপাশি ৯ জন ফুটবলারের জার্সিতে থাকবে ফিফার নতুন একটি বিশেষ ব্যাজ। ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে প্রথমবারের মতো ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ নামে এই স্বীকৃতি চালু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপে অভিষেক হওয়া খেলোয়াড়দের সম্মান জানাতেই এই উদ্যোগ।
ফুটবলারদের জার্সির ডান হাতার নিচের অংশে, বিশ্বকাপের অফিসিয়াল লোগোর নিচে থাকবে ট্রফির ছবি ও ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ লেখা এই ব্যাজ।
আর্জেন্টিনার হয়ে এবারই প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছেন হুয়ান মুসো, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস গনসালেস, জিও লো সেলসো, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস ও হোসে ম্যানুয়েল লোপেজ। তাদের মধ্যে কেউ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলে অভিষেক ম্যাচে এই বিশেষ ব্যাজ পরার সুযোগ পাবেন। তবে ব্যাজটি একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যে ম্যাচে কোনো খেলোয়াড়ের বিশ্বকাপ অভিষেক হবে, কেবল সেই ম্যাচেই তার জার্সিতে থাকবে এই ব্যাজ।
পরের ম্যাচগুলোতে তাদের জার্সিতে আর দেখা যাবে না এই ব্যাজ। অন্য দিকে প্রথম ম্যাচে না খেললে অভিষেকের সুযোগ পাওয়ার দিনই তিনি ব্যাজটি পরতে পারবেন।
বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার জার্সিতে আরও একটি বিশেষত্ব থাকবে। তাদের বুকে থাকবে স্বর্ণালি চ্যাম্পিয়নস ব্যাজ। একই সঙ্গে বিশ্বকাপের হাতার প্রতীকও থাকবে সোনালি রঙে। অন্য দলগুলোর ক্ষেত্রে এই প্রতীকের রং হবে সাদা বা কালো।