যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার মূল বিষয়বস্তু এবং আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কাতার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে বর্তমানে আলোচিত প্রধান বিরোধ ও সংকটের তালিকায় রয়েছে অনাক্রমণ চুক্তি, অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী (প্রক্সি), ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি।
দোহায় সাংবাদিকদের সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আমরা এখন আঞ্চলিক নিরাপত্তার সঠিক পথেই এগোচ্ছি। নিঃসন্দেহে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, তবে এই মুহূর্তটিকে আমাদের কিছুটা আশাবাদী হওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।
দুই পক্ষের মধ্যে আলোচনার মূল এজেন্ডাগুলো তুলে ধরে তিনি আরও বলেন, আমরা এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। এর মধ্যে রয়েছে কৌশলগত হরমুজ প্রণালী, সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা ও অনাক্রমণ চুক্তি এবং এই অঞ্চলের দেশগুলোর সাথে ইরানের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক নিশ্চিত করা।
মুখপাত্র আল-আনসারি দীর্ঘমেয়াদী এই সংকটের জটিলতা উল্লেখ করে বলেন, আমরা অবশ্যই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলছি। তবে এর পাশাপাশি বিভিন্ন দেশে সক্রিয় প্রক্সি (অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী) ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা চলছে—যা গত কয়েক দশক ধরে এই অঞ্চলে বড় ধরণের প্রভাব বিস্তার করে আসছে। দশকের পর দশক ধরে চলে আসা এসব জটিল সমস্যার সমাধান মাত্র কয়েক দিনের মধ্যে হয়ে যাবে না।