বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি তারকা নেইমার। সোমবার (৬ জুলাই) নেইমারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত জানান।
এর মধ্য দিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই ক্যারিয়ার শেষ করলেন নেইমার। জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে তিনি করেছেন ৮০ গোল। যা ব্রাজিলের পুরুষ দলের ইতিহাসে সর্বোচ্চ।
২০১০ সালে ব্রাজিলের হয়ে সিনিয়র অভিষেক হয়েছিল নেইমারের। এরপর চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। এছাড়া দুটি অলিম্পিকেও খেলেছেন। ২০১২ সালে জিতেছিলেন রুপার পদক, আর ২০১৬ সালে নিজের নেতৃত্বে ব্রাজিলকে এনে দেন ইতিহাসের প্রথম অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক।
২০২৬ বিশ্বকাপে নেইমার খেলেছেন দুটি ম্যাচে। দুটিতেই নেমেছিলেন বদলি হিসেবে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। আর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে করা গোলই ছিল এবারের বিশ্বকাপে তার একমাত্র গোল। তবে সেই গোলও ব্রাজিলকে হার এড়াতে পারেনি।
অন্যদিকে ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নরওয়ে। শেষ আটে ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে নরওয়েজিয়ানরা।
স্পোর্টস ডেস্ক/বাংলাদেশ নিউজ টুডে