নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর একটি মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন। তবে একই সঙ্গে আরেকটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাঁচটি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ শাজিয়া শারমিন জানান, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি সিদ্দিক আলীকে গাড়িচাপায় হত্যা এবং অন্যটি বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলা।
তিনি বলেন, রাব্বানী হত্যা মামলায় নূর জামিন পেলেও সিদ্দিক আলী হত্যা মামলায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
অন্যদিকে একই বেঞ্চ সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিনটি মামলায় স্থায়ী জামিন দিয়েছেন। তবে চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন খারিজ করা হয়েছে।
আইনজীবীরা জানান, অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয় উল্লেখ করে তিনজনই আদালতে জামিন প্রার্থনা করেন।
সুজনের আইনজীবী এস এম আবুল হোসেন বলেন, রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে না গেলে এবং স্থগিতাদেশ না থাকলে তার কারামুক্তিতে আইনি বাধা নেই।
এদিকে মোজাম্মেল বাবুর বিরুদ্ধে ২০০৭ সালে বৈশাখী টিভি অফিসে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি ও অর্থ লুটের অভিযোগে মামলা রয়েছে। পরে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।
শুনানিতে তিন আসামির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন বলে জানা গেছে।