বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ড্রেসিংরুমের অনুপ্রেরণামূলক ভাষণের একটি ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় ফুটবল বিশ্ব। বিশেষ করে মেসির বলা ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল নানা জল্পনা। তবে পুরো ভিডিও প্রকাশের পর স্পষ্ট হয়েছে, তিনি সতীর্থদের চাপমুক্ত থেকে স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার আহ্বানই জানিয়েছিলেন।
মেসি বলেন, “চলো সবাই, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। সবকিছু ভুলে যাও, শুধু খেলায় মনোযোগ দাও। চলো।”
ভিডিওতে আরও দেখা যায়, মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে কৌশলগত আলোচনা চলছে। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে স্পেনের আক্রমণ, বিশেষ করে লামিন ইয়ামালকে সামলানোর পরিকল্পনা নিয়ে নির্দেশনা দেন।
মেসিও ডিফেন্ডারদের সতর্ক করে বলেন, প্রতিপক্ষ আক্রমণে এলে যেন অপ্রয়োজনীয়ভাবে মিডফিল্ডাররা সামনে উঠে না যান। আর ঠিক মাঠে নামার আগমুহূর্তে কুতি রোমেরো দিবুকে বলেন, “আজ তোমার দিন।” জবাবে আত্মবিশ্বাসী দিবু বলেন, “আজ আমার দিন। আজ ইতিহাসে লেখা থাকবে।”
এরপর দুই দল সৌহার্দ্যপূর্ণভাবে মাঠে প্রবেশ করলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।
এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে কিছুই জানি না।”
মাঠের ফলাফল হতাশার হলেও, ম্যাচের আগে ড্রেসিংরুমের সেই আবেগঘন মুহূর্ত এখন ফুটবলপ্রেমীদের আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে।