আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।’ (সুরা আয-যারিয়াত, আয়াত: ৫৬)
তাওহিদই প্রকৃত জীবনের উৎস
তাওহিদের মাধ্যমে বান্দা এমন এক সত্যিকারের জীবন লাভ করে, যা আল্লাহর সন্তুষ্টি, সম্মান ও অফুরন্ত নেয়ামতে পরিপূর্ণ। পক্ষান্তরে, তাওহিদহীন জীবন পশুর জীবনের মতো। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি কি মনে করেন, তাদের বেশির ভাগ শোনে অথবা বুঝে? তারা তো পশুর মতোই; বরং তারা আরও বেশি পথভ্রষ্ট।’ (সুরা আল-ফুরকান, আয়াত: ৪৪)
অর্থাৎ, আল্লাহ তাকে ঈমান ও তাওহিদের মাধ্যমে জীবিত করেছেন।
তাওহিদ সুখ, প্রশান্তি ও হৃদয়ের স্থিরতার উৎস
আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে-সে পুরুষ হোক বা নারী-আমি অবশ্যই তাকে পবিত্র ও সুখময় জীবন দান করব এবং তাদের উত্তম কর্মের সর্বোত্তম প্রতিদান দেব।’ (সুরা আন-নাহল, আয়াত: ৯৭)
তাওহিদের মাধ্যমে হৃদয় থেকে কুসংস্কার, দুশ্চিন্তা, শয়তানের কুমন্ত্রণা ও অশুভ চিন্তা দূর হয়ে যায়। হৃদয় লাভ করে প্রশান্তি, স্বস্তি ও স্থিরতা। তাই আল্লাহ শিক্ষা দিয়েছেন, ‘বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে…।’ (সুরা আন-নাস, আয়াত: ১-৩) এটি তাওহিদের ঘোষণা।
তাওহিদের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বান্দা জাদুকর, ভণ্ড ও অশুভ মানুষের ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে ভালোবাসেন না।’ (সুরা হজ, আয়াত: ৩৮)
তাওহিদ দুনিয়া ও আখিরাতের সব কল্যাণের চাবিকাঠি
তাওহিদের মাধ্যমে মানুষ সব ধরনের কল্যাণ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা লাভ করে। আল্লাহ তাঁর অকাট্য বিধানে নির্ধারণ করেছেন যে প্রকৃত সুখ ও নেয়ামত কেবল ঈমান ও তাওহিদের অধিকারীদের জন্য-পৃথিবীতে, কবরের জীবনে এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই সৎকর্মশীলরা নেয়ামতের মধ্যে থাকবে।’ (সুরা আল-ইনফিতার, আয়াত: ১৩)
কাজেই তাওহিদই ইসলামের মূল ভিত্তি, সব ইবাদতের প্রাণ এবং মানুষের মুক্তি, নিরাপত্তা, শান্তি ও সফলতার একমাত্র পথ। যে ব্যক্তি আল্লাহকে এককভাবে মানে, তাঁরই ইবাদত করে এবং শিরকের সব রূপ থেকে নিজেকে মুক্ত রাখে, সে দুনিয়ায় প্রশান্তি ও সম্মান লাভ করে এবং আখিরাতে জান্নাতের চিরস্থায়ী নেয়ামতের অধিকারী হয়। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো নিজের তাওহিদকে বিশুদ্ধ রাখা, ঈমানকে নিয়মিত নবায়ন করা এবং নিজের পরিবার ও সমাজে তাওহিদের শিক্ষা ও চর্চা প্রতিষ্ঠা করা।