স্বতন্ত্র উপস্থিতি আর সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন নাজনীন নাহার নীহা। ছোটপর্দায় যাত্রা শুরুর পর থেকে একের পর এক আলোচিত নাটকে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন এই তরুণ অভিনেত্রী। রোমান্টিক গল্পে তার স্বাচ্ছন্দ্য যেমন দর্শকের প্রশংসা কুড়িয়েছে, তেমনি ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি।
চলতি বছরও বেশ ব্যস্ত সময় পার করছেন নীহা। ফারহান আহমেদ জোভানের সঙ্গে ‘যে কথা হয়নি বলা’ নাটকে দেখা গেছে তাকে। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘মায়াপাখি’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। নাটকটিতে তার অভিনীত ‘মায়া’ চরিত্রটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল নানা আলোচনা।এবার নতুন গল্প ও নতুন জুটিতে হাজির হচ্ছেন নীহা। ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘মনের মতো মন’। এতে নীহার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান। সম্প্রতি প্রকাশিত এক পোস্টারে দেখা যায়, একদিকে নীহা-ইয়াশের সম্পর্কের আবহ, অন্যদিকে গল্পে তৈরি হয়েছে আবেগ ও টানাপড়েনের ইঙ্গিত।
নাটকটির পোস্টারে লেখা হয়েছেÑ ‘সব সম্পর্কের ব্যাখ্যা হয় না, কিছু শুধু অনুভব করতে হয়Ñ মনের মতো মন।’ এই একটি বাক্যই যেন গল্পের মূল আবেগের আভাস দিচ্ছে। সম্পর্কের জটিলতা, অনুভূতির টান এবং ভালোবাসার নানা অনুচ্চারিত দিক ঘিরেই নির্মিত হয়েছে নাটকটি।
প্রযোজক এসকে শাহেদ আলী পাপ্পু। চিত্রগ্রহণে নায়েম ফুয়াদ, সম্পাদনা ও রঙ বিন্যাসে আগুন সুভো। ‘মনের মতো মন’ শিগগিরই দেখা যাবে শুধু সিএমভির ইউটিউব চ্যানেলে।