ইরান আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংযোজন শুরু করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ গোপন স্থাপনায় মজুত থাকা যন্ত্রাংশ ব্যবহার করে তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র সংযোজন করছে তেহরান। পাশাপাশি চলছে কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরির কাজও।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, দক্ষিণ-পূর্ব ইরানের খোজির ক্ষেপণাস্ত্র কারখানাসহ কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনায় এসব কার্যক্রম চলছে। সম্ভাব্য হামলা এড়াতে নতুন ভূগর্ভস্থ কারখানা নির্মাণের চেষ্টাও করছে ইরান।
তবে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল দাবি করেছেন, সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র নির্ধারিত সব লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর জর্ডানে মার্কিন সেনা অবস্থানরত একটি সামরিক ঘাঁটিতে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।