নওগাঁর মান্দায় তরুণদের মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসুস্থ দলীয় নেতার খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতীন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাক্তারের মোড় এলাকায় নিজ বাসভবনে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মতীন বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধমূলক কাজ থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা করতে হবে, যাতে বিকেএসপি বা জাতীয় দলের মতো জায়গায় খেলার সুযোগ তৈরি হয়।” ভবিষ্যতে এলাকায় একটি ফুটবল একাডেমি গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে স্থানীয় কিশোর ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এদিকে আজ শনিবার বিকেলে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের নিচ মহানগর গ্রামে ‘বিদিরপুর তরুণ সংঘ ক্লাব’ আয়োজিত একদিনের ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেও খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে তাদের হাতে ফুটবল তুলে দেন।
এর আগে একই দিন বিকেলে শারীরিকভাবে অসুস্থ মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম বাদলের বাসভবনে যান এম এ মতীন। তিনি চিকিৎসাধীন বাদলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
এসব পৃথক কর্মসূচিতে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।