ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে বয়লারে সমস্যা দেখা দেওয়ায় ইউনিটটি বন্ধ করা হয়। এতে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে বেড়েছে লোডশেডিং।
পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানির সূত্র জানিয়েছে, ইউনিট বন্ধ হওয়ার পর কেন্দ্রটির উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে গেছে। এর আগে কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে উৎপাদন বাড়াচ্ছিল কেন্দ্রটি। গতকাল রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়ালেও হঠাৎ ত্রুটিতে তা আবার কমে যায়।
কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, বয়লার শীতল হতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। এরপর শুরু হবে মেরামতের কাজ। ফলে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।
২০১৭ সালে পিডিবির সঙ্গে চুক্তির পর ঝাড়খন্ডের এই ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি থেকে সর্বোচ্চ দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে।
তবে শুধু আদানির কেন্দ্র নয়, গ্যাস ও কয়লা-সংকটে দেশের পায়রা ও রামপালসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গতকাল বিকেল ৩টায় দেশে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়। শুক্রবার সকালেও আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হওয়ায় ছুটির দিনেও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।