রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানের নেতৃত্বে একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
শিশুটির মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৃত্যুর সময় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ অভিযোগের বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে বক্তব্য দেন অভিযোগকারী।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য শিশুদের কয়েকজন অভিভাবক দাবি করেন, শিশুটির মৃত্যুর সময় সেখানে চিকিৎসক উপস্থিত ছিলেন। তাদের কেউ কেউ জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গণপিটুনির আশঙ্কায় ওই চিকিৎসক অন্য একটি কক্ষে গিয়ে অবস্থান নিয়েছিলেন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রশাসনের সহায়তায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।