নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দিয়ে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
রোববার (১০ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এর ফলে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন সুবিধা বহাল থাকছে সাবেক মেয়র আইভীর।
আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে পৃথকভাবে পাঁচটি লিভ টু আপিল দায়ের করেছিল। শুনানি শেষে আপিল বিভাগ সেসব আবেদন খারিজ করে দেন।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে সাতটির এজাহারে তার নাম উল্লেখ ছিল না বলে জানা যায়।
তবে গ্রেপ্তারের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলাগুলোর তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়নি। বিষয়টি নিয়ে আইনজীবী মহল ও রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা রয়েছে।
সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণে আইভী নারায়ণগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারিক কার্যক্রম এখনও প্রক্রিয়াধীন রয়েছে।