নিজস্ব প্রতিনিধিঃ
ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন আবাসিক হলের একদল শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেছেন, ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে।
শনিবার দিবাগত রাতে কলেজ গেটের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ইডেন কলেজে রাজনীতি চলবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের গেট ভাঙার চেষ্টা করেন। পরে গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। এসময় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
নাছির উদ্দিন নাছির তার পোস্টে বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও মতপ্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের উদ্দেশ্যে গুপ্তভাবে মব তৈরির অভিযোগ ছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি তিতুমীর কলেজেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে রাতের বেলায় গেট ভেঙে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাছির বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের কূটচালের কাছে নতি স্বীকার করা যাবে না। অন্যথায়, মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।