কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) সোনারগাঁ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার উত্তর বরকল (সরদার বাড়ি) গ্রামের বাসিন্দা।
এসআরবি জানায়, চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় পারিবারিক শত্রুতার জেরে নিজের বোনের শাশুড়িকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার দায়ে আবু মোকারমের বিরুদ্ধে মামলা করা হয় (মামলা নম্বর-০৭(১১)২০০৯, ধারা- ৩০২)। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত, চট্টগ্রাম বিচারকার্য শেষে ২০১৩ সালের ১৬ মে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতিতে ৬ আগস্ট সকালে কারাবন্দিরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়, যার মধ্যে আবু মোকারমও ছিলেন। এই ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়।
কারাগার থেকে পালানোর পর ছদ্মবেশ ধারণ এবং পরিচয় গোপন করে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে এসআরবি-১১ এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এসআরবি।