নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন ঘোষণা করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করা হয়নি, ফলে এখন যেকোনো দিন রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে মামলা।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।
এর আগে ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, পরে ধারাবাহিকভাবে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন ও পাল্টা যুক্তি খণ্ডন সম্পন্ন হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ ছয়জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এ ঘটনায় উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
এর আগে ২ নভেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।