• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক / ৬৫ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

​লিয়াকত হোসেন, রাজশাহী :

​‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের আনুষ্ঠানিক ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

​প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তাদের এই আত্মত্যাগ অতুলনীয়। বর্তমান সরকার ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌকস কর্মীরা এক আকর্ষণীয় মহড়ায় অংশ নেন। মহড়ায় তারা অত্যাধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার, বহুতল ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার এবং বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা ও কৌশল প্রদর্শন করেন।

মোড়ক উন্মোচন ও মহড়া পরিদর্শন শেষে অতিথিরা ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধারকারী দল ও আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ১৯ মে কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি ২০ মে থেকে ২২ মে তিন দিনব্যাপী সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা