নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসা করতেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জামিল হোসেন নামে এক নিরাপত্তাপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন আইয়ুব হোসেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনে একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবায় বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।