জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারে মধ্যে নতুন করে এস আলম এবং সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট : কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
নাহিদ বলেন, সরকার আমাদের প্রত্যাশা পূরণ করবে না। আমাদের এই আলোচনা সরকার কতটুকু গুরুত্ব সহকারে নেবে, যেখানে সংসদে বিরোধী দলের অনেক আলোচনা পাশ কাটিয়ে সরকার নিজের মতো করে আইন পাশ করেছে। আমাদের অভিজ্ঞতা এটাই। তারপরও আমরা ছায়া বাজেট করতে চাচ্ছি।
তিনি বলেন, আমরা একটি সংস্কারমুখী, বিনিয়োগমুখী এবং কর্মসংস্থানমুখী বাজেট চাই। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত। প্রথম অধিবেশনে সরকার জুলাই সনদ ও গণভোটের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি। ফলে আমাদের যে ব্যাপকভাবে অর্থনৈতিক সংস্কারের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা আবার দুই ধাপ পিছিয়ে গেলাম।