নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে নতুন অভিযোগ তুলেছেন বিএনপি নেতা মো. রাশেদ খান। তিনি দাবি করেছেন, জামায়াত ও এনসিপি সমন্বিতভাবে পাটোয়ারীকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে আক্রমণ চালানোর কৌশল নিয়েছে।
শনিবার (২৩ মে) ইনকিলাব ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ।
রাশেদ খান বলেন, সম্প্রতি পাটোয়ারীর কিছু বক্তব্য ও আচরণ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। তার মতে, গতকালের ডিম নিক্ষেপের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের অতীত ত্যাগ ও সংগ্রামের ইতিহাস রয়েছে, যা উপেক্ষা করে ব্যক্তিগত আক্রমণ বা কটাক্ষ গ্রহণযোগ্য নয়।
বিএনপি নেতার অভিযোগ, পাটোয়ারী শুরুতে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে সমালোচনা করলেও পরবর্তীতে দলের শীর্ষ নেতৃত্ব ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ কতটা গ্রহণযোগ্য এবং এ ধরনের বক্তব্য সমাজে কী ধরনের প্রভাব ফেলতে পারে।
রাশেদ খান দাবি করেন, বিএনপি ও তার নেতৃত্বকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে সংযত আচরণের আহ্বান জানান।