আন্তর্জাতিক ডেস্কঃ
রোববার ইরানের নতুন হামলায় উপসাগরীয় দেশগুলো-সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমিরাতের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির ‘বোরুজ’ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন লেগে কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বাহরাইনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা জানিয়েছে, তাদের একটি তেল সংরক্ষণাগারে ড্রোন হামলায় আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কুয়েতের বিদ্যুৎ ও পানিবিষয়ক মন্ত্রণালয় জানায়, দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনের প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ক্রমবর্ধমান হুমকির মুখে উপসাগরীয় অঞ্চলের পানি শোধন কেন্দ্রগুলো বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।