আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। নিখোঁজ বিমানগুলোর পাইলট উদ্ধারের সময় এই ঘটনা ঘটেছে।
রোববার অনলাইনে প্রকাশিত ভিডিও ও ছবিতে ধোঁয়া ওঠা বিমান ধ্বংসাবশেষ দেখা গেছে। গুগল আর্থের থ্রি-ডি চিত্র অনুযায়ী, ধ্বংসাবশেষ ইসফাহান থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পার্বত্য এলাকায় অবস্থান করছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ ইসফাহানের পরিত্যক্ত বিমানবন্দর থেকে পালানোর সময় বিমান ও হেলিকপ্টারগুলো ধ্বংস করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান শত্রুর হাতে পড়া এড়াতে নিজস্বভাবে ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
বিবিসি এখনও কোনো পক্ষের দাবিকে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ধ্বংসাবশেষের ছবিগুলো সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো হয়েছে, যাতে যন্ত্রাংশ শনাক্ত করা যায়।