বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দুই দেশ মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে তার সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
রোববার (২১ জুন) দুপুর ২টা ১৩ মিনিটে রাজধানীর সরকারি বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমে কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর চীনের আমন্ত্রণে দেশটিতেও গুরুত্বপূর্ণ সরকারি সফর করবেন তিনি।
নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম আন্তর্জাতিক সফর হওয়ায় কূটনৈতিক অঙ্গনে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।