অনুশীলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল গনজালো মন্তিয়েলের শারীরিক অবস্থা। তিনি সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন এবং বেঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের তুলনায় আজকের অনুশীলন ছিল দর্শক ও গণমাধ্যমের জন্য বন্ধ। মন্তিয়েলের চোট অনেকটাই সেরে ওঠায় একটি অনিশ্চয়তা দূর হয়েছে এবং এর ফলে নাহুয়েল মলিনার জন্য সুযোগ তৈরি হতে পারে। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলানো একাদশ নিয়ে স্কালোনির এখনও দুটি বড় সংশয় রয়েছে।
প্রথমত, থিয়াগো আলমাদার পরিবর্তে নিকোলাস গনজালেসকে খেলানো হতে পারে। গনসালেস তুলনামূলকভাবে বেশি গতিশীল এবং আক্রমণাত্মক খেলোয়াড়, যিনি প্রতিপক্ষের উঁচু প্রেসিংয়ের ফলে তৈরি হওয়া ফাঁকা জায়গার সুবিধা নিতে পারেন। দ্বিতীয় সংশয়টি আক্রমণের কেন্দ্রে। জুলিয়ান আলভারেজের সামনে সুযোগ রয়েছে লাউতারো মার্তিনেজের জায়গায় শুরুর একাদশে থাকার।
সম্ভাব্য একাদশের বাকি অংশ আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো দলের মতোই থাকতে পারে। গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ ও ফাকুনদো মেদিনা।
মিডফিল্ডে প্রায় নিশ্চিতভাবে থাকবেন রদরিগো ডি পল, এনজো ফারনানদেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে আবারও শুরু থেকে খেলবেন লিওনেল মেসি, যিনি এই বিশ্বকাপে নিজের রেকর্ডের খাতা আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। এদিকে শনিবারের অনুশীলনে যেভাবে উন্নতি দেখা গেছে, তা অব্যাহত থাকলে লিয়ার্দ্রো পেরেডেস ও নিকোলাস তাংলিয়াফিকো এই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন।