আন্তর্জাতিক ডেস্কঃ
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে সুপারস্টার থালাপাতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। প্রাথমিক ফলাফলে রাজ্যের ঐতিহ্যবাহী দল ডিএমকে ও এআইএডিএমকেকে পেছনে ফেলে এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে দলটি।
সোমবার সকাল ৮টা থেকে তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট গণনা শুরু হয়। শুরুতেই পোস্টাল ব্যালটের গণনায় ভালো অবস্থান নেয় টিভিকে। দলটির প্রধান ও অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয় নিজেও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর। এর মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে প্রাথমিক গণনায় তিনি এগিয়ে রয়েছেন।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোটের সমর্থন ছাড়াই তারা সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছানোর আত্মবিশ্বাস রাখে। এবারের নির্বাচনে দলটি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে একদিকে এনডিএ জোট (বিজেপি নেতৃত্বাধীন) এবং অন্যদিকে ডিএমকে–কংগ্রেস জোট সক্রিয় রয়েছে।
তিরুচিরাপল্লি পূর্ব আসনে ডিএমকে প্রার্থী ইনিগো ইরুদয়ারাজ প্রাথমিক গণনায় পিছিয়ে আছেন বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন আসনে টিভিকে প্রার্থীদের এগিয়ে থাকার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এর মধ্যে তিরুচিরাপল্লি পশ্চিমে জি রামামূর্তি, শ্রীভাইকুন্তমে সেন্টিল কুমার এন, তিরুভোত্তিয়ুরে সারাভানন জি এবং রাধাপুরামে সাথিশ ক্রিস্টোফার উল্লেখযোগ্য।
টিভিকে’র আবির্ভাবে তামিলনাড়ুর রাজনীতিতে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার চিত্র তৈরি হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকে প্রধান শক্তি হিসেবে অবস্থান করে আসছিল।
চেন্নাইসহ বিভিন্ন গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হয় এবং সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে ফলাফল হালনাগাদ করা হচ্ছে।