আন্তর্জাতিক ডেস্কঃ
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়–এর রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগাম (টিভিকে) বড় সাফল্যের পথে এগোচ্ছে। প্রাথমিক ফলাফলে ২৩৪ আসনের মধ্যে দলটি ১০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
নির্বাচনের সবচেয়ে আলোচিত চমক এসেছে বিরুগামবাক্কম আসন থেকে। সেখানে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন, যিনি বিজয়–এর সাবেক গাড়িচালকের ছেলে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি ডিএমকে ও এআইএডিএমকের শক্তিশালী প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করেন।
এই ফলাফলকে অনেকেই রাজনীতিতে “নতুন মুখের উত্থান” হিসেবে দেখছেন। কারণ প্রচলিত রাজনৈতিক পরিবার বা প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড ছাড়াই একজন তরুণ প্রার্থীর এমন জয় রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে চেন্নাইসহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে শাসক দল ডিএমকে বড় ধাক্কা খেয়েছে বলে জানা গেছে। তবে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের পরাজয়ের বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি থাকলেও এখনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি।
অন্যদিকে উদয়নিধি স্টালিন চেপক–থিরুভাল্লিকেনি আসনে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়–এর জনপ্রিয়তা, তরুণ ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা টিভিকের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে।
তবে সরকার গঠনের জন্য এখনো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। ফলে আগামী দিনে জোট রাজনীতির সমীকরণই নির্ধারণ করবে তামিলনাড়ুর ভবিষ্যৎ সরকার।