মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে। সীমান্তপথে অবৈধভাবে আনা এসব পণ্য একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ মে) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যান সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে গাড়িটি থানায় নিয়ে তল্লাশি চালানো হলে মুরগির খাঁচার নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় লজেন্স ও কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা অনুযায়ী, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা হয়ে এসব অবৈধ পণ্য সংগ্রহ করে মৌলভীবাজার শহরে নিয়ে আসে। পরে সেগুলো একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিতরণের পরিকল্পনা ছিল বলে জানা যায়।
এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য আমদানি ও পরিবহনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তপথে অবৈধ পণ্যের চোরাচালান রোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।