ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মোরসালিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ধজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন যুবক মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্ত এলাকার দিকে যায়। পরে সেখানে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরসালিন নিহত হন।
পরিবারের অভিযোগ, গুলির পর মরদেহ সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় চোরাচালান সংক্রান্ত ঘটনার জের ধরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।