নিজস্ব প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে এরই মধ্যে মাদারীপুরের গ্রামের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমতে শুরু করেছে।
শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মরদেহবাহী ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুরের দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে বিকেল ৩টার মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। খবর পেয়ে সকাল থেকেই বাড়িতে ভিড় করতে শুরু করেছেন স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও এলাকাবাসী। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
স্বজনরা জানান, দাফনের প্রস্তুতি হিসেবে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ চলছে। আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিদেশের মাটিতে তরুণ এই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবরে আগে থেকেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দেশে মরদেহ পৌঁছানোর পর সেই শোক আরও ভারী হয়ে উঠেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃষ্টিকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকেও অনেকে বাড়িতে আসছেন। স্থানীয়রাও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।