আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি. জোসেফ বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে রাজ্যের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি লেখেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।”
তিনি আরও বলেন, তামিলনাড়ুর জনগণের কল্যাণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে।
এর আগে রোববার সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সি. জোসেফ বিজয়। তার শপথ গ্রহণের মধ্য দিয়ে তামিল রাজনীতিতে দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটে।
শপথ অনুষ্ঠানের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-র সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যায়। নির্বাচনের পর কংগ্রেসের সমর্থন তার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় নিজেকে “সাধারণ মানুষের প্রতিনিধি” হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক বংশ বা ক্ষমতাধর পরিবারের সদস্য না হয়েও জনগণের ভালোবাসা ও আস্থায় তিনি এই অবস্থানে পৌঁছেছেন।
নতুন মুখ্যমন্ত্রী বলেন, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন এক প্রশাসনিক ধারা উপহার দিতে চান তিনি। “প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ” গড়ে তুলতে তার সরকার কাজ করবে বলেও অঙ্গীকার করেন বিজয়।
তিনি আরও বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য জনগণ যেন তাকে যুক্তিসঙ্গত সময় দেয়। একইসঙ্গে প্রশাসনিক নেতৃত্ব নিয়ে কড়া বার্তা দিয়ে বিজয় বলেন, “আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই বক্তব্য মূলত জোটসঙ্গীদের চাপমুক্ত রেখে শক্ত হাতে সরকার পরিচালনার ইঙ্গিত বহন করে।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এবং বিভিন্ন মিত্রদলের সমর্থনে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।