আন্তর্জাতিক ডেস্কঃ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীতে ফ্রান্স ও ব্রিটেনের রণতরী মোতায়েনকে কেন্দ্র করে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে ইরান সতর্ক করেছে, তারা এই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতির বিরুদ্ধে “তাৎক্ষণিক ও কঠোর” প্রতিক্রিয়া জানাবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে ফ্রান্স, ব্রিটেন বা অন্য কোনো দেশের যুদ্ধজাহাজের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দেখাবে।
ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে, যখন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী “চার্ল দ্য গল” হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অভিযানকে “নৌপথের স্বাধীনতা রক্ষা” এবং “বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনার” একটি প্রতিরক্ষামূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তবে তেহরান এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, এ ধরনের সামরিক উপস্থিতি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালীতে এমন উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।