স্পোর্টস ডেস্কঃ
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনা এখনো কাটেনি। ফুটবলের এই বৈশ্বিক আসরে দেশটির উপস্থিতি ঘিরে বিভিন্ন শর্ত ও নিরাপত্তা ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে।
ইরান জানিয়েছে, তারা নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধ থেকে কোনোভাবেই সরে আসবে না। একই সঙ্গে আয়োজক ও ফিফার কাছে অংশগ্রহণ নিশ্চিত করতে একাধিক শর্তও দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ফেডারেশন সভাপতি মেহদি তাজ জানান, ইরান অংশগ্রহণের জন্য প্রায় ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ নিশ্চয়তা।
তবে এসব শর্ত বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা নীতি এবং নিরাপত্তা কাঠামো নিয়ে রাজনৈতিক বাধা সামনে এসেছে। আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগে কিছু কর্মকর্তার ভিসা জটিলতাও তৈরি হয়েছে বলে জানা গেছে।
ইরান আরও দাবি করেছে, তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তা ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে। বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামেও বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছে দেশটি।
অন্যদিকে আয়োজক দেশগুলোর পক্ষ থেকে কিছু বিষয়ে ইতিবাচক সাড়া এলেও ভিসা ও সীমান্ত নিয়ন্ত্রণ এখনো বড় বাধা হয়ে আছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা কঠোর বলে জানা গেছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন ইরানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক বাস্তবতা সামলানোর দ্বৈত চাপে রয়েছে। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে ইরান ইস্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
বিশ্লেষকদের মতে, মাঠের ফুটবল ও আন্তর্জাতিক রাজনীতি এখানে একে অপরের সঙ্গে মিশে গেছে, যা টুর্নামেন্ট শুরুর আগেই বাড়িয়ে দিয়েছে উত্তেজনা।