আন্তর্জাতিক ডেস্কঃ
পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। সোমবার (১১ মে) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে।
একই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীকে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরুর সিদ্ধান্তও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পর রাজ্যে উল্লেখযোগ্য নিয়োগ না হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী চাকরির আবেদন করার সুযোগ হারিয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় এসব বঞ্চিত চাকরিপ্রার্থীর কথা বিবেচনায় নিয়ে বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নতুন সরকার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেছে বলে জানান তিনি।
সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তরক্ষী বাহিনী যতটুকু জমি চাইবে, সরকার তা দিতে প্রস্তুত। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের অনীহা এবং অনুপ্রবেশকারীদের প্রতি নমনীয় মনোভাবের কারণে সীমান্তসংক্রান্ত বিভিন্ন কাজ দীর্ঘদিন আটকে ছিল। এমনকি আদালতের নির্দেশও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, সোমবার থেকেই জমি হস্তান্তরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে আগামী ১৮ মে পরবর্তী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার বিচারপ্রক্রিয়া, নারী নির্যাতন প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন বেতন কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই জনমুখী ও প্রশাসনিক বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নতুন সরকার রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে।
সূত্র : ভারতীয় গণমাধ্যম