আকাশ দাশ সৈকত
চোটের কারণে ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে প্রত্যাশিত ম্যাচ খেলতে পারেননি। তবে মাঠে যখনই নেমেছেন, তার প্রভাব ছিল অনবদ্য। আর সেই নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন উসমান দেম্বেলে।
পিএসজির এই ২৮ বছর বয়সী উইঙ্গার লিগ ওয়ানের চলতি মৌসুমে শুরুর একাদশে ছিলেন মাত্র ৯টি ম্যাচে। সব মিলিয়ে ২০ ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ১০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি। তার এমন কার্যকরী উপস্থিতির সামনে ম্যাসন গ্রিনউড ও সতীর্থ ভিতিনহার মতো তারকাদের লড়াই ম্লান হয়ে যায়। জ্লাতান ইব্রাহিমোভিচের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার এই সম্মাননা নিজের করে নিলেন দেম্বেলে। উল্লেখ্য, টানা পাঁচবার এই পুরস্কার জিতে তালিকার শীর্ষে রয়েছেন বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় দেম্বেলে তার শারীরিক প্রতিকূলতার কথা তুলে ধরেন। তিনি জানান, মৌসুমজুড়ে বিভিন্ন ইনজুরির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, যা তাকে নিয়মিত মাঠে নামতে বাধা দিয়েছে। তবে দলের প্রয়োজনে মার্শেই ও লিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবদান রাখতে পেরে তিনি সন্তুষ্ট। দেম্বেলের মতে, মাঠে যতটুকু সময় ছিলেন, নিজের সর্বোচ্চটা দিয়ে দলের জয়ে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।