কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাবেদের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জামাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাবেদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাবেদ বিয়েতে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে তরুণী তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনরত তরুণী বলেন, “জাবেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।”
অভিযুক্ত জাবেদ উপজেলার সদর ইউনিয়নের জামাদারপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী তরুণী একই ইউনিয়নের কলাপাড়া এলাকার ফরিদ মিয়ার মেয়ে আশা আক্তার।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাবেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
জাবেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি।পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে জাবেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, জাবেদ দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকলেও তার নিয়োগের বৈধতা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। বর্তমানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।”
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল বলেন, “তাদের বিয়ের প্রস্তুতি চলছে। অল্প সময়ের মধ্যেই বিয়ে সম্পন্ন হতে পারে।”
মশিউর রহমান নাদিম
কিশোরগঞ্জ