প্রতিপক্ষের গোলরক্ষকের সাথে সংঘর্ষে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা হেসুস দে মিগেল আলামেদার মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। এই শোক প্রশমনের কোনো ভাষা নেই।’
গত সোমবার রাতে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচে খেলার সময় আরেক ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেল। ২-২ সমতায় থাকা ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে লম্বা বল ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। এ সময় তার হাঁটুর আঘাত লাগে দে মিগেলের বুকে।
মাঠে পড়ে যান দে মিগেল। দুই দলের খেলোয়াড়েরা দ্রুত চিকিৎসাকর্মীদের ডাকেন। পাঁচ মিনিটের বেশি সময় মাঠেই চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর জানায় টেনেরিফ।
এইদিকে দে মিগেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবগুলো।