হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি এলইউসিএএস ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে সংস্থাটি।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত রাতে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে চলাচলের সময় একটি বড় তেলবাহী জাহাজ মাইনের আঘাতে আগুন ধরে যায়। এ ছাড়া প্রণালির পূর্ব অংশ দিয়ে বের হওয়ার সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন লাগে। আগুন নেভাতে পাঠানো একটি টাগবোটও পরে আগুনের কবলে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট দুটি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোকে নিরাপদে অবতরণে বাধ্য করে।
তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।