ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ৩০ জন আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, নিহত কয়েকজনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আটকে পড়াদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।
আলজাজিরার খবরে বলা হয়, সোমবার (২ নভেম্বর) কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে বোমা হামলা চালায় রুশ বাহিনী। ভবনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইউক্রেনের দাবি, প্রথম দফা হামলার পর মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা এবং উদ্ধারকারী দলের দুই সদস্য রয়েছেন।