প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীদেরও হারিয়েছেন। এ পরিস্থিতিতে নীতিগত অবস্থান পরিবর্তন এবং হোয়াইট হাউসে বড় ধরনের সংস্কারের পরামর্শ দিচ্ছেন রিপাবলিকান নেতারা।
বুধবার নির্বাচনের ফল সামনে আসার পর দলের নেতারা প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন, কর্মীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ইরান যুদ্ধ ও শুল্কনীতির মতো বিতর্কিত অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান। রিপাবলিকান কৌশলবিদ জন ফিহেরি এ ফলাফলকে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।
তবে নির্বাচনের ফলকে নিজের ওপর বড় কোনো আঘাত হিসেবে দেখছেন না ট্রাম্প। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরান যুদ্ধকে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। এতে দলের ভেতরে ট্রাম্পের নীতির প্রতি অসন্তোষ আরও স্পষ্ট হয়েছে।
এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোয় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিল আটকে দেওয়া, তদন্ত পরিচালনা এবং কর্মকর্তাদের নিয়োগে বাধা দেওয়ার সুযোগ পাবে ডেমোক্র্যাটরা। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নির্বাচনের পর প্রশাসনের কর্মীদের মধ্যে মনোবল কমে যাওয়া এবং সম্ভাব্য রদবদল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে কংগ্রেসে বিরোধিতার মুখেও নির্বাহী আদেশের মাধ্যমে নিজের নীতির কিছু অংশ বাস্তবায়নের সুযোগ থাকছে ট্রাম্পের। বিশ্লেষকদের মতে, আগামী দুই বছর ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।