নিজস্ব প্রতিনিধিঃ
চলতি মে মাসের প্রথম ১২ দিনেই দেশে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ৩৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে সর্বোচ্চ।
ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরের আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।