নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলে নিরাপদ পানি সরবরাহের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন আবাসিক ছাত্রীরা। পানিবাহিত রোগে একাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রীদের অভিযোগ, গত দুই সপ্তাহে হলে একাধিক শিক্ষার্থী ডায়রিয়া ও বমির মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করা হলেও স্বাস্থ্যসুরক্ষার জন্য আলাদা বাজেট রয়েছে কি না—এ প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি বলে দাবি তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, সম্প্রতি হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, পানি ব্যবহার করলে মুখ ধোয়া, কুলি করা বা গোসলের সময়ও অস্বস্তি ও বমি বমি ভাব হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিনে বেশ কয়েকজন ছাত্রী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তারা হলের জন্য পৃথক স্বাস্থ্যসেবা বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং সাম্প্রতিক অসুস্থতার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।