• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

মধ্যরাতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক / ৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা টারজান এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের মেয়েদের আবাসিক হলসংলগ্ন সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বারবার নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা মঙ্গলবার রাতে সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একই সঙ্গে প্রক্টরিয়াল বডির দায়িত্বহীনতার অভিযোগ তুলে প্রক্টর ও সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিও জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, ঘটনার পর রাত পর্যন্ত প্রশাসনের শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে দেখা যায়নি। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

আন্দোলনকারীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা