স্পোর্টস ডেস্কঃ
আবারও নিজের জাদুকরী পারফরম্যান্সে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন লিওনেল মেসি। হ্যাটট্রিকসহ একাধিক গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে দুর্দান্ত জয় এনে দিলেন তিনি। গোলবহুল এক ম্যাচে সিনসিনাটির মাঠ থেকে ৫-৩ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। ম্যাচের প্রথম গোলটি আসে মেসির বুদ্ধিদীপ্ত সুযোগ কাজে লাগানোর মাধ্যমে। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল বুঝে দ্রুত পা বাড়িয়ে বল জালে পাঠান তিনি।
এরপর ম্যাচে ঘুরে দাঁড়ায় সিনসিনাটি। বিরতির আগে ও পরে দুই গোল করে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। কেভিন ডেনকি ও পাভেল বুচার গোল করেন স্বাগতিকদের হয়ে।
৫৫তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। তবে মাত্র ৯ মিনিট পর আবারও এগিয়ে যায় সিনসিনাটি, এভান্ডারের গোলে।
ম্যাচের উত্তেজনা তখন চরমে। ৭৯তম মিনিটে মেসির পাস থেকে মাতেও সিলভেত্তি গোল করে ইন্টার মায়ামিকে আবারও সমতায় ফেরান। এরপর ৮৪তম মিনিটে জার্মান বের্তেরামে গোল করে সফরকারীদের এগিয়ে দেন।
নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে সিলভেত্তির পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। তার এই গোলেই ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারিত হয়ে যায়।
চলতি মৌসুমে ১২ ম্যাচে এটি মেসির ১২তম গোল। রেকর্ড আটবারের বর্ষসেরার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১০।
১৩ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।