আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের মধ্যপ্রদেশের ভোজশালা-কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ। রায়ে বলা হয়েছে, সেখানে শুধু হিন্দুরাই পূজা-অর্চনা করতে পারবেন, মুসলিমদের নামাজ পড়ার অনুমতি থাকবে না।
শুক্রবার (১৫ মে) বিচারপতি বিজয়কুমার শুক্ল ও বিচারপতি অলোক অবস্থির ডিভিশন বেঞ্চ এই রায় দেন। আদালত স্থাপনাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-এর হাতে রাখার নির্দেশ দিয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই মামলায় হিন্দু পক্ষ দাবি করে আসছিল, এটি রাজা ভোজের আমলের সরস্বতী মন্দির ছিল। অন্যদিকে মুসলিম পক্ষ এটিকে কামাল মাওলার দরগা ও মসজিদ হিসেবে দাবি করে আসছিল।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ঐতিহাসিক নথি ও এএসআই-এর সমীক্ষা অনুযায়ী এখানে পূর্বে হিন্দু উপাসনাস্থল ছিল বলে ইঙ্গিত পাওয়া যায় এবং দীর্ঘদিন ধরে সেখানে হিন্দুদের উপাসনা চলছিল।
এর আগে প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা ও প্রতি শুক্রবার মুসলিমরা নামাজ আদায় করতেন। নতুন রায়ে মুসলিমদের নামাজের অনুমতি বাতিল করা হয়েছে।
রায়ের বিরুদ্ধে আপিল হবে কি না, সে বিষয়ে নজর রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে