স্পোর্টস ডেস্কঃ
ফ্রান্সের বয়সভিত্তিক জাতীয় দলে খেললেও এবার বড় মঞ্চে ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফরোয়ার্ড অ্যাঞ্জ-ইয়ান বনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে তিনি খেলবেন আইভরিকোস্ট জাতীয় দলের হয়ে।
ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড ফ্রান্স অনূর্ধ্ব–২১ দলের হয়ে খেলেছেন আগে। তবে পারিবারিক সূত্রে তার পৈতৃক দেশ আইভরিকোস্ট হওয়ায় জাতীয় দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। এরই মধ্যে তার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার আইভরিকোস্ট জাতীয় দলের কোচ এমার্স ফাই বিশ্বকাপের জন্য যে চূড়ান্ত দল ঘোষণা করেন, সেখানে জায়গা পেয়েছেন বনি।
ফ্রান্সে জন্ম নেওয়া এই ফুটবলারের পাশাপাশি দলে আছেন আরও কয়েকজন ফ্রান্সে বেড়ে ওঠা ফুটবলার, যারা পরে আইভরিকোস্টকে বেছে নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য এলি ওয়াহি, যিনি চলতি বছরের শুরুতে জাতীয় দল পরিবর্তন করেন এবং গত মার্চে আন্তর্জাতিক অভিষেকও সম্পন্ন করেন।
আগামী বিশ্বকাপে আইভরিকোস্ট রয়েছে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, জার্মানি ও কুরাসাও। ১৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
আইভরিকোস্টের ঘোষিত বিশ্বকাপ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ দেখা গেছে। গোলরক্ষণ বিভাগে আছেন আলবান লাফোঁসহ একাধিক প্রতিভাবান নাম। রক্ষণভাগে আছেন ওডিলন কসুউনু ও ইভান এনডিকার মতো খেলোয়াড়রা।
মিডফিল্ডে নেতৃত্ব দেবেন ফ্রাঙ্ক কেসি ও ইব্রাহিম সাঙ্গারে। আক্রমণভাগে বনি ছাড়াও আছেন নিকোলাস পেপে, আমাদ দিয়াললো, ইভান গেসান্দ ও উমর দিয়াকিতের মতো একাধিক পরিচিত নাম।
জাতীয় দল পরিবর্তনের এই সিদ্ধান্ত আইভরিকোস্টের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।