স্পোর্টস ডেস্কঃ
আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেবেন কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে তার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন সতীর্থ রদ্রিগো ডি পল।
ওয়ার্ল্ড সকার টকের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, জাতীয় দল ও ক্লাব সতীর্থ ডি পল দাবি করেছেন—ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপকে সামনে রেখে মেসি এখন থেকেই কঠোর প্রস্তুতি নিচ্ছেন। গত দুই–তিন মাস ধরে ইন্টার মায়ামিতে একসঙ্গে অনুশীলনের পাশাপাশি আলাদা ফিটনেস সেশনেও অংশ নিচ্ছেন তারা।
ডি পল একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা বিশ্বকাপকে লক্ষ্য করেই প্রস্তুতি নিচ্ছি। গত কয়েক মাস ধরে ক্লাব অনুশীলনের বাইরে প্রতিদিন আলাদা অনুশীলন করছি। লিও ও আমি সর্বোচ্চ শারীরিক অবস্থায় পৌঁছাতে নিজেদের পুরোটা উজাড় করে দিচ্ছি।”
তিনি আরও বলেন, বিশ্বকাপ নিয়ে তাদের মধ্যে একইসঙ্গে ভয়, অনিশ্চয়তা ও প্রবল রোমাঞ্চ কাজ করছে। দল ঘোষণার অপেক্ষায় আছেন বলেও জানান এই আর্জেন্টাইন মিডফিল্ডার।