আন্তর্জাতিক ডেস্কঃ
মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবেই ২৭ মে সম্ভাব্য ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে তুরস্ক দীর্ঘদিন ধরেই চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ইসলামি মাস ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। সেই হিসাবেও দেশটি ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির মতে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু স্থান থেকে টেলিস্কোপের সহায়তায় নতুন চাঁদ পর্যবেক্ষণ করা যেতে পারে।
আইএসি’র জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।