স্পোর্টস ডেস্কঃ
আধুনিক টেনিসের ইতিহাসে বিরল এক কীর্তি গড়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। মাত্র ২৪ বছর বয়সেই নয়টি এটিপি মাস্টার্স ১০০০ শিরোপার পূর্ণ সেট জিতে অর্জন করলেন বহুল কাঙ্ক্ষিত ‘ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স’।
রোববার রোমে স্বদেশি দর্শকদের উচ্ছ্বাসের মাঝে ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। পুরুষদের টেনিসে এর আগে কেবল ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচই এই কীর্তি গড়তে পেরেছিলেন।
এ নিয়ে টানা ছয়টি মাস্টার্স শিরোপা জিতলেন সিনার, যা তার সাম্প্রতিক আধিপত্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি সত্যিই খুব আনন্দিত। গত দুই-আড়াই মাস ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতায় ভরা। নিজের দেশে ফাইনাল খেলা সবসময় চাপের, তবে আমি এখনো শিখছি। আমার বয়স তো মাত্র ২৪।”
মাত্র তিন বছর আগেও মাস্টার্স পর্যায়ে তার কোনো শিরোপা ছিল না। ২০২৩ সালের কানাডিয়ান ওপেনে প্রথম মাস্টার্স জয়ের পর এত দ্রুত সবগুলো মাস্টার্স জিতে নেওয়া টেনিস বিশ্বকে বিস্মিত করেছে।
নোভাক জকোভিচ ২০১৮ সালে সিনসিনাটি ওপেন জয়ের মাধ্যমে ৩১ বছর বয়সে প্রথম ‘গোল্ডেন মাস্টার্স’ সম্পূর্ণ করেন। পরে ২০২০ সালে তিনি সবগুলো মাস্টার্স অন্তত দু’বার জিতে নতুন ইতিহাসও গড়েন।
ব্রিটেনের সাবেক বিশ্ব চার নম্বর টিম হেনম্যান সিনারের এই অর্জনকে “অবিশ্বাস্য” বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, “এত ভিন্ন পরিবেশ, কোর্ট ও প্রতিযোগিতার চাপ সামলে সবগুলো মাস্টার্স জেতা প্রমাণ করে সিনার কতটা পরিপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে।”
রোমের এই ঐতিহাসিক সাফল্যের পর এখন টেনিস বিশ্বের দৃষ্টি রোলাঁ গারোঁর দিকে। আসন্ন ফ্রেঞ্চ ওপেনে সিনারের সামনে অপেক্ষা করছে আরও নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা।