আন্তর্জাতিক ডেস্কঃ
জার্মানির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন দেশটির অধিকাংশ নাগরিক। নতুন এক প্রতিনিধিত্বমূলক জরিপে দেখা গেছে, দেশটির ৮৪ শতাংশ মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অথবা অত্যন্ত উদ্বিগ্ন।
জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড আম জনটাগ’-এর জন্য গবেষণা প্রতিষ্ঠান ইনসা পরিচালিত এ জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মনে করেন, সম্ভাব্য কোনো জোট সরকারই দেশের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করতে পারবে না। এ মত দিয়েছেন ৬৪ শতাংশ উত্তরদাতা।
চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য-বামপন্থী এসপিডি জোট সরকারের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির সময় জরিপের ফল প্রকাশিত হওয়ায় এটি দেশটির রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
জরিপে সরকারের ব্যর্থতার দায় নিয়েও ভিন্নমত উঠে এসেছে। ৪২ শতাংশ উত্তরদাতা জোটের দুই দলকেই সমানভাবে দায়ী করেছেন। অন্যদিকে ৩৭ শতাংশ সরাসরি সিডিইউকে দায়ী করেছেন। এসপিডিকে দায়ী করেছেন ১৪ শতাংশ অংশগ্রহণকারী।
বর্তমানে জার্মান রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির উত্থান। জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা এএফডির সঙ্গে সরকারের কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা চান না। তবে দলটির প্রতি জনসমর্থন বাড়ছে বলেও সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে।
এএফডির প্রভাব ঠেকাতে দীর্ঘদিন ধরে জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো তথাকথিত ‘ফায়ারওয়াল’ নীতি অনুসরণ করে আসছে। এর মাধ্যমে কট্টর ডানপন্থী দলটির সঙ্গে জোট বা সমঝোতা থেকে বিরত থাকে প্রধান দলগুলো।
তবে সাম্প্রতিক জরিপে ৪১ শতাংশ মানুষ এই ‘ফায়ারওয়াল’ নীতি প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি জার্মান রাজনীতিতে পরিবর্তিত জনমতের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
অন্যদিকে মূল্যস্ফীতি, অর্থনৈতিক চাপ, সামাজিক ব্যয় বৃদ্ধি এবং কর সংস্কার নিয়েও বাড়ছে অসন্তোষ। প্রায় ৬৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সরকারের পরিকল্পিত সামাজিক ও কর সংস্কার সফল না হলে তারা মের্ৎস সরকারের পরিবর্তন চান।
বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রভাব, জ্বালানি সংকট, অর্থনৈতিক ধীরগতি এবং অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই জার্মান রাজনীতিতে চাপ তৈরি করছে। একই সঙ্গে কট্টর ডানপন্থী রাজনীতির উত্থান দেশটির মূলধারার রাজনৈতিক দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।