বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন নিজের বাড়িতে সংঘবদ্ধ জনতার মুখোমুখি হওয়ার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। প্রায় এক বছর পর তিনি জানান, মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বাসভবনের সামনে উত্তেজিত একটি দল জড়ো হয়ে তাকে ঘিরে ধরে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ২০২৪ সালের জুনে একটি মিথ্যা দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, তার গাড়ি এক নারীকে ধাক্কা দিয়েছে। তবে পরে নিরাপত্তা ক্যামেরার দৃশ্যে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শই করেনি।
রাবিনার দাবি, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং তাকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল। তিনি জানান, বাইরে বের হওয়ার পর প্রায় ৩০ জন ব্যক্তি তাকে ঘিরে ফেলে এবং তার গাড়িচালকের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিজেই চালককে নিরাপদে বাড়ির ভেতরে নিয়ে যান।
অভিনেত্রী আরও বলেন, ঘটনার সময় এক ব্যক্তি জোরপূর্বক বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করেন তিনি। সে সময় তার স্বামী অনিল থাডানি বাসায় ছিলেন না; বাড়িতে শুধু সন্তানরা ছিল বলেও জানান তিনি।
রাবিনার ভাষ্য অনুযায়ী, যাতে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তার মুঠোফোনও কেড়ে নেওয়া হয়েছিল। ঘটনাটি ঘিরে সে সময় মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।
পরে তদন্ত শেষে মুম্বাই পুলিশ জানায়, রাবিনা ট্যান্ডন বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।